এই আমি একমনে সঁপিলাম তাঁরে-- তোমরা তাঁহারি ধন আলোকে আঁধারে। যখনি আমারি ব'লে ভাবি তোমাদের মিথ্যা দিয়ে জাল বুনি ভাবনা-ফাঁদের। সারথি চালান যিনি জীবনের রথ তিনিই জানেন শুধু কার কোথা পথ। আমি ভাবি আমি বুঝি পথের প্রহরী, পথ দেখাইতে গিয়ে পথ রোধ করি। আমার প্রদীপখানি অতি ক্ষীণকায়া,-- যতটুকু আলো দেয় তার বেশি ছায়া। এ প্রদীপ আজ আমি ভেঙে দিনু ফেলে, তাঁর আলো তোমাদের নিক বাহু মেলে। সুখী হও দুঃখী হও তাহে চিন্তা নাই; তোমরা তাঁহারি হও, আশীর্বাদ তাই।
দিন চলে না যে, নিলেমে চড়েছে খাট-টিপাই; ব্যাবসা ধরেছি গল্পেরে করা নাট্যি-fy। ক্রিটিক মহল করেছি ঠাণ্ডা, মুর্গি এবং মুর্গি-আণ্ডা খেয়ে করে শেষ, আমি হাড় দুটি- চারটি পাই-- ভোজন-ওজনে লেখা ক'রে দেয় certify।